খালেদা জিয়াকে ঘর থেকে বের হতে না দেওয়ার প্রতিবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর পঁচা ডিম ছোড়া উচিৎ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান খান দুদু।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দুদু বলেন, আমরা আর কিছুই করবো না শুধু পঁচা ডিম ছুড়ে মারবো। আপনি তো আর জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নন। তাই আপনাকে শেখ হাসিনা বলেই ডাকা যাবে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আর আওয়ামী লীগ করবেন না, এরা আপনাদের পুড়িয়ে মারবে। যেভাবে মেরেছে ফেনীর একরামকে।
তিনি বলেন, ব্রিটিশ আমলের পর থেকে এ পর্যন্ত যত সরকার এই বাংলায় এসেছে তার মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকারই সবচেয়ে দুর্বল। এই সরকারের পতন ঘটাতে ২৪ ঘণ্টার মধ্যে আপনারা (জনগণ) ঢাকার রাস্তায় নেমে আসুন। পতন অনিবার্য।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, এ সরকারের হাতে মানুষের জীবন, সম্পদ, মান-সম্মানের কোনো নিরাপত্তাই নেই। ক্ষমতায় এসেই এরা ফ্যাসিস্ট গোষ্ঠীকে সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন, দলীয় সার্থরক্ষার জন্যই এই সরকার সংবিধান পরিবর্তন করেছে। বর্তমান সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা ও কথা বলার অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। এটা কোনো সভ্য দেশের সংবিধান হতে পারে না।
দেশ আজ অস্তিত্ব সংকটে পড়েছে, এই অবস্থা থেকে মুক্তি পেতে চূড়ান্ত সংগ্রাম ছাড়া আর কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা এস এম মহসিন, ও কৃষকদল নেতা এম এ হান্নান প্রমুখ।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]