ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন-সমর্থিত মেয়র পদপ্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন দলটির আমির চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার ১০টার দিকে মিরপুরের কালশী থেকে ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী শেখ ফজলে বারী মাসউদের কমলালেবু প্রতীকের সমর্থনে গণসংযোগে অংশ নেন। এরপর বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রী কার্যালয়ের সামনে থেকে ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী আব্দুর রহমানের ফ্লাস্ক প্রতীকের সমর্থনে তিনি প্রচারণা শুরু করেন।

বিকালে ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চ থেকে চরমোনাই পীর ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থীদের সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে অভিহিত করে দুর্নীতিমুক্ত ঢাকা সিটি গড়তে তাদের ভোট ও প্রার্থনার আহ্বান জানান।

এ সময়ে প্রার্থীরা ছাড়া মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ ইউনুছ আহমাদ, দলের ঢাকা মহানগর সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বায়তুল মোকাররম, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব এলাকায় এই প্রচারণা চালান।

জেআই