৯৪ দিন দেশের বাইরে অবস্থান শেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ (বুধবার) বিকেল ৫.১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা সমাগম হয় আগে থেকেই। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে রাজধানীর এমইএস থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরীসহ দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয়। নেতাকর্মীদের অনেকে অভিযোগ করেছেন, পুলিশ তাদের বিমানবন্দর পর্যন্ত পুলিশ যেতে বাধা দিয়েছে।
বিএনপির নির্বাহী কমিটির নেতা, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা দিতে উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা গেছে, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়েছেন। কর্মীদের উজ্জীবিত করতে স্লোগান দিচ্ছেন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা।
গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই লন্ডনে অবস্থান করছেন।
এমবি





