চেয়ার-টেবিল না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনের মেঝেতে বসে প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা বলেছেন,‘ছাত্রলীগের নেতাকর্মীরা মধুর ক্যানটিনের বেশির ভাগ জায়গা দখল করে রেখেছেন। তাদের (ছাত্রদলের) বসার জন্য কোনও চেয়ার-টেবিল রাখেননি।’
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টার পর মধুর ক্যানটিনে সরেজমিনে এই পরিস্থিতি দেখা গেছে।
ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, তারা প্রতিদিনের মতো আজকেও বিশ্ববিদ্যালয়ে আসেন। সব ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে বসে আড্ডা দেন এবং কুশল বিনিময় হয়। তাছাড়া রাজনৈতিক বিষয়েও আলোচনা হয়।
কিন্তু রাজনীতির তীর্থস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ যাতে বসতে না পারি সেজন্য পরিকল্পিতভাবে টেবিল চেয়ার সরিয়ে নেয়া হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তার তিনি বলতে পারেননি।
আজ সকালে ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ শতাধিক নেতাকর্মী ঢাবি ক্যাম্পাসে আসেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল অভিযোগ করে বলেন, ‘গতকালও (বুধবার ২ অক্টোবর) তারা মধুর ক্যানটিনে মাত্র একটি টেবিল এবং তিনটি চেয়ারে বসেন। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মাথার ওপরের সিলিং ফ্যানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এসময় ছাত্রদলের নেতা জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, তানজিল হাসানসহ অসংখ্য নেতাকর্মী মধুর ক্যান্টিনে ফ্লোরে অবস্থান করছেন।
এএস





