স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাবের বিরুদ্ধে হত্যা ও গুমের ঢালাও অভিযোগ পুরোপুরি সঠিক নয়।
ক্ষমতা পাকাপোক্ত করতে এবং নির্বাচনের ফল নিজেদের পক্ষে রাখতে সরকার বিরোধীদলীয় নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে হত্যা ও গুম করছে- এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ দাবি করেন।  
বুধবার দুপুরে সচিবালয়ে আবাসন খাতের সংগঠন রিহ্যাব নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এসব মন্তব্য করেন।
রিহ্যাব নেতারা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন, ভূমিমালিক ও ডেভেলপারদের মধ্যে যৌথ চুক্তি থাকার পরও থানায় গিয়ে ডেভেলপারদের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ করছেন অনেক মালিক।
পুলিশ এ ধরনের অভিযোগ পেলেই ডেভেলপারদের হয়রানি করছে। তারা ঘটনা তদন্তের পর অভিযোগের ব্যাপারে নিশ্চিত না হয়ে এই ধরনের হয়রানি না করার দাবি জানান।
জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডেভেলপাররা ঠিকমতো কাজ করেন না, মালিকদের সঙ্গে প্রতারণা করেন, টাকা পরিশোধ করেন না- এ ধরনের অভিযোগ অনেক আছে।
এ বিষয়ে রিহ্যাব নেতারা বলেন, তারা একটা সেল গঠন করবেন। ওই সেল এসব অভিযোগ তদন্ত করবে। এ বিষয়ে সরকারের সহযোগিতা চান রিহ্যাব নেতারা।
এদিকে, উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার সংক্রান্ত বিএনপির অভিযোগ সত্য নয় দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপির কথামতো অনেক কর্মকর্তাকে পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে অভিযোগ থাকলে সে ব্যাপারে পদক্ষেপ নিতে পারে কমিশন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগও সত্যি নয়। উপজেলা নির্বাচন নিয়ে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে না এবং এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি