বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে গণতন্ত্রকে হত্যা করবার ও একদলীয় শাসনব্যবস্থাকে পাকাপোক্ত করার আরেকটি হীন চক্রান্ত বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকালে এক বিবৃতিতে তিনি এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই ধরণের বানোয়াট, ভিত্তিহীন এবং মিথ্যা মামলা দিয়ে দেশের ১৬কোটি মানুষের আশা-ভরসার স্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অহেতুক হয়রানী এবং রাজনৈতিক কর্মকান্ড থেকে দুরে সরিয়ে রাখার একটি অপকৌশল মাত্র।
বিএনপি এই নেতা বলেন, এই ধরণের মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রীর গণতন্ত্র পূণ:রুদ্ধারের জন্য যে সংগ্রাম সেটিকে রোধ করা যাবেনা। ষোল কোটি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সকল চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে দেশনেত্রীর নেতৃত্বে গণতন্ত্র পূণ:রুদ্ধারের চলমান সংগ্রাম সফল হবেই ইনশাল্লাহ।
তিনি এই বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের আহবান জানিয়ে বলেন, অন্যথায় গণআন্দোলনের মধ্য দিয়ে এইসব চক্রান্তের সমুচিত জবাব দেয়া হবে।
অপর এক বিবৃতিতে মঙ্গলবার সকালে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিনা উস্কানিতে ও কোনো কারণ ছাড়াই জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আ: সবুর মিয়া, মহসিন ভূঁইয়া, মনির হোসেন, সাজেদুল ইসলাম, মামুন ও আকতারসহ প্রায় ২২ জন নেতা-কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মির্জা ফখরুল অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্রদল নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তি এবং সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো: আব্দুর রাজ্জাকসহ গ্রেফতারকৃত সিলেট জেলা বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
এমএইচ





