খুলনায় মাদরাসা ছাত্রদের নবীনবরণ অনুষ্ঠান থেকে মহানগরী শিবির সভাপতি ও শিক্ষক-অভিভাবকসহ ১১৯ জনকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি সারাদেশে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নাজিমউদ্দিন ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হককে ৫ আগস্ট রাতে তাদের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
এসব ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জামায়াত নেতা ডা. শফিকুর বলেন,সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে মিথ্যা মামলা দায়ের করে নেতাকর্মীদেরকে প্রতিনিয়তই গ্রেফতার করছে এবং রিমান্ডে নিয়ে চরম অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে।
খুলনায় মাদরাসা ছাত্রদের নবীনবরন অনুষ্ঠান থেকে ছাত্র শিবিরের খুলনা মহানগরী সভাপতি মীম মিরাজ এবং শিক্ষক-অভিভাবকসহ ১১৯ জনকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
অন্যদিকে সরকারী দলের সন্ত্রাসীরা অব্যাহতভাবে হত্যা, ধর্ষণ, অপহরণ, নারী ও শিশু নির্যাতন চালাচ্ছে। চাঁদাবাজী, টেন্ডাবাজীসহ এমন কোন অপকর্ম নেই যা তারা করছে না। অথচ তাদেরকে গ্রেফতার করা তো দূরের কথা বরং আশ্রয়-প্রশ্রয় দেয়া হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির এতোই অবনতি ঘটেছে যে, দেশে কারো জীবনের কোন নিরাপত্তা নেই। সরকারী দল এবং প্রশাসন শুধুমাত্র ফাঁকা বুলি আওড়িয়ে যাচ্ছে।
তাই আমি সারা দেশে জামায়াত এবং ছাত্রশিবিরের নেতৃবৃন্দের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে জনাব গোলাম রব্বানীসহ সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা এবং কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। সেই সাথে জনগণকেও সরকারের এই জুলুম-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আহবান জানাচ্ছি।
এআর





