ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরে আনিসুল হক ও দক্ষিনে সাঈদ খোকনকে সমর্থন দিয়েছে আওয়ামী পন্থি ‘সহস্র নাগরিক কমিটি’। সংগঠনটি আগে ঢাকা নাগরিক কমিটি নামেও পরিচিত ছিল। এই নামকে বিলুপ্ত করে বর্তমানে সংগঠনের নাম রাখা হয়েছে সহস্র নাগরিক কমিটি।

সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সহস্র নাগরিক কমিটি আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক ঢাকা গড়ে তোল’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন আয়োজক সংগঠনের সদস্য সচিব গোলাম কুদ্দুস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সদস্য সচিব গোলাম কুদ্দুস বলেন, ‘একদিকে নগরজীবনে নানাবিদ সমস্যা অপরদিকে রাজনৈতিক সংকট এবং সাম্প্রদায়িক জঙ্গিবাদের আতংকিত এই নগরে সস্থি ফিরে আনা আজ বড় চ্যালেঞ্জ।

এটা জাতীয় নির্বাচন না হলেও নগরীর জন্য গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব অনুধাবন করে সমাজের অগ্রসর চিন্তার মানুষেরা ঐক্যবদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আনিসুল হক ও সাঈদ খোকন নির্বাচিত হলে ঢাকা মহানগরী এক পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াবে। তাই এই দুই প্রার্থীর প্রতি সমর্থন দিতে আমরা নগরবাসীকে অনুরোধ করছি।’

এসময় সংগঠনের পক্ষে ঢাকা মহানগরীর জন্য কয়েকটি দাবি তুলে ধরেন তিনি। দাবিগুলো হল: যানজট নিরসন, গ্যাস-পানি-বিদ্যুৎ সংকটের সমাধান, বস্তিবাসি ও দরিদ্র মানুষের আবাসনের ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিত, শিক্ষার অধিকার নিশ্চিত, খেলাধুলার জন্য মাঠ, বিনোদন সংস্কৃতি চর্চার জন্য ১০টি করে মঞ্চ নির্মাণ, নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বাঙালি সংস্কৃতির স্মারক নির্মাণ ও প্রদর্শনের ব্যবস্থা, পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা, নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ‘ওয়াইফাই জোন’ এর আওতাভুক্ত করা এবং দুর্নীতি ও অপচয়রোধ করে সিটি কর্পোরেশন পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা।

দাবি প্রসঙ্গে তিনি বলেন, দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা মুক্তিযুদ্ধের পক্ষের অধিকাংশ রাজনৈতিক দলের সমর্থিত এই দুই প্রার্থীকে পূর্ণ সমর্থন দিয়েছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের আহ্বায়ক সৈয়দ সামসুল হক, বিএসএমএমইউ-এর উপাচার্য কামরুল হাসান খান, বিএমএ-এর মহাসচিব ইকবাল আর্সেনাল, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবু প্রমুখ।

এমএ/এমকে