হেরে যাওয়ার ভয়ে অবান্তর অভিযোগ করে বিএনপি ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, ‘হেরে যাওয়ার ভয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আবোল-তাবোল বকছে বিএনপি।’
আজ সোমবার সকালে ঢাকার সাভার উপজেলা চত্বরে আওয়ামী লীগ আয়োজিত ১০ হাজার শীতার্ত মানুষের মধ্যে শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নির্দেশ দিয়েছেন।’ এ ব্যাপারে কমিশনকে আওয়ামী লীগ সবরকম সহযোগিতা করবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার নিজেদের পকেটের উন্নয়ন চায় না। মন্ত্রী-এমপিদের নয়, জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায় আওয়ামী লীগ।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমাদের কোনো খারাপ উদ্দেশ্য থাকলে আমরা কেন ভোট চাইতে ঘরে ঘরে যাচ্ছি। আমরা সুষ্ঠু ভোট চাই, নিরপেক্ষ ভোট চাই। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনকেও আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই।’
সেতুমন্ত্রী আরো বলেন, ‘নির্বাচন হওয়ার আগেই বিএনপি ইভিএমে ভোট কারচুপি হবে, জালিয়াতি হবে—এসব অবান্তর অভিযোগ করছে। অথচ অতিতে ইভিএম পদ্ধতিতে তারাই বেশি জয়ী হয়েছে। বিএনপি আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে। তারা ইভিএমের বিরুদ্ধে। তারা ডিজিটাল ভোট পদ্ধতি চায় না। তারা জানে, নিরপেক্ষ ভোট হলে তারা হেরে যাবে। নির্বাচনে নিশ্চিত হেরে যাবে বলেই তারা এখন ইভিএমের বিরুদ্ধে বিষোদগার করছে। হাটে-মাঠে আবোল-তাবোল বলে জনগণকে বিভ্রান্ত করছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘স্থানীয় সরকারের এই নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলেও আকাশ ভেঙে পড়বে না। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে।’ শেখ হাসিনার সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করবেন বলেও জানান তিনি।
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র আবদুল গনি, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন প্রমুখ।
এমআর





