বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তিন সরকারের এক দেশ, তার নাম বাংলাদেশ। তিনি বলেন, এক সরকার নয় তিন সরকার বর্তমানে বাংলাদেশ পরিচালনা করছে। এর মধ্যে এক সরকার হচ্ছে শেখ হাসিনা, আরেক সরকার হচ্ছে ইমরান এইচ সরকার এবং আরেক সরকার হচ্ছে ভারত।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে যুবদলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল এলাকা আজ কারাগারে পরিণত হয়েছে। আর এ কারাগারের জেল সুপারের দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। অন্যদিকে কারারক্ষীর দায়িত্ব পালন করছেন ৩০০ সংসদ সদস্য এবং সরকারের মন্ত্রীরা।
তবে বিএনপি নেতা-কর্মীদের উপর নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না বলেতিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলা প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের সহ সভাপতি এডভোকেট আ.সালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]