বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী মওদুদ আহমদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
রাজধানীর এভার কেয়ার (এপোলো) হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার মওদুদ আহমদকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বুধবার (১৩ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ব্যারিস্টার মওদুদ সাহেব আগের চেয়ে অনেকটা সুস্থ। বুধবার দুপুরে তাকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।”
গত ২৯ ডিসেম্বর অসুস্থ হলে ব্যারিস্টার মওদুদ আহমদকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তার রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
মওদুদ আহমদ হাসপাতালে ভর্তি হওয়ার পর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুবারই তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
এমবি





