মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ১৫ আগস্টে জাতির জনকের মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেত্রীর রাজনৈতিক উদ্দেশ্যে কথিত জন্মদিন পালন করে।

আজ (শনিবার) সকালে গাজীপুরে কালিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধুর ৪০তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রাক-প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গ ত্যাগ করে গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসুন। জাতি আপনাকে তখন মূল্যায়ন করতে পারে। এই দিনে নকল জন্ম দিন পালন না করে জাতীয় শোক দিবসে অংশ নিন।

তিনি আরো বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার হঠকারী রাজনীতির কারণে জাতীয় ঐক্য থমকে আছে। গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ন রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাত্ত আহ্বানকেও তিনি অবমূল্যায়ন করেছেন। অগণতান্ত্রিক পন্থাকে বেছে নিয়ে জ্বালাও পোড়াও রাজনীতি করেছেন।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন পলাশ প্রমুখ।

এআই/