শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পদ্মা সেতু ও পায়রা বন্দর হওয়ার পরে দক্ষিণাঞ্চল একটি অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে। এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, যে জাতি যত শিক্ষিত, সে জাতি ততই উন্নত। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে ডিজিটাল করেছে। বিদ্যালয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেয়া হচ্ছে। আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করায় শিক্ষার্থীরা দক্ষ হচ্ছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের কোনো উন্নয়ন করেনি। এজন্য আমরা পিছিয়ে ছিলাম। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথাউঁচু করে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীন রাজনীতিবীদ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে উত্তরীয় ও কোট পিন পরিয়ে দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম।

এ সময় শিল্পমন্ত্রী উপজেলার ৯৬টি বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ ও একটি করে প্রজেক্টর বিতরণ করেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছাইয়াদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর বক্তব্য দেন।

পরে নলছিটি উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আইটি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জন তরুণ-তরুণীকে সনদপত্র প্রদান করেন শিল্পমন্ত্রী।

এদিকে ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এক লাখ ৯০ হাজার টাকা করে সহায়তা দেয়া প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে খাসমহল বস্তি এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ১৯ জনের প্রত্যেককে ১০ হাজার নগদ টাকা তুলে দেন আমির হোসেন আমু।

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শহরের খাসমহল বস্তিতে অগ্নিকাণ্ডে ১৯টি বসতঘর মালামালসহ পুড়ে যায়।

এবিসিদ্দিক