পবিত্র ওমরাহ পালন শেষে আগামীকাল শনিবার রাতে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সৌদি আরবে এক সপ্তাহ সফর শেষে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে শনিবার রাত ৮টায় বাংলাদেশে ফিরবেন বেগম জিয়া।
গত ২০ জুলাই পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান খালেদা জিয়া। সফরের শুরুতে মদীনায় তিনি মহানবী (সঃ) রওজা মোবারক জিয়ারতের পাশাপাশি তিনদিন ইবাদত বন্দেগীতে কাটান। ২২ জুলাই মক্কায় এসে পবিত্র ওমরাহ পালন করেন।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও রয়েছেন তার স্ত্রী জোবায়দা রহমান, মেয়ে জায়মা রহমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান,
মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহ শরীফ কামাল তাজ। এ ছাড়া বিএনপি নেতা আব্দুর রহমান, আহমেদ আলী মুকিব খালেদা জিয়ার সফর সঙ্গীদের দেখভাল করছেন।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





