সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি এই মানবিক ও জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘দেশের অন্তত সাতটি জেলায় আকস্মিক বন্যায় ইতোমধ্যে আড়াই লাখের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং ১০ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপদ্রুত এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের পক্ষে কেন্দ্রে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। অনেকের বইখাতা ও প্রয়োজনীয় কাগজপত্র বানের পানিতে নষ্ট হয়ে গেছে।’
তারা আরো উল্লেখ করেন, দেশের একটি বিরাট অংশের পরীক্ষার্থীকে চরম সংকটে রেখে পরীক্ষা চালু রাখলে মেধার সঠিক মূল্যায়ন বাধাগ্রস্ত হবে এবং সুযোগের সমতা নষ্ট হবে। তাই পরিস্থিতির উন্নতি ও পরীক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখাই হবে যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত। পরিস্থিতি অনুকূলে এলে পরবর্তী সময়ে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
একইসাথে, বন্যাকবলিত এলাকার পরীক্ষার্থী ও সাধারণ মানুষকে মানবিক সহায়তা প্রদান এবং স্থানীয় প্রশাসনের পাশে থেকে দুর্যোগ মোকাবেলায় সক্রিয়ভাবে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
এস