আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিম বলেছেন ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদী নির্বাচিত হওয়ায় বিএনপি এমন ভাব দেখাচ্ছে যেন কালকে এসে মোদী তাদেরকে ক্ষমতায় বসাবে।
শনিবার বিকালে রাজধানীর ইনঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘প্রধামন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন  দিবস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যতই লাফালাফি করেন। ভারতের সরকার পরিবর্তন হলেও তাদের নীতি-আদর্শের কোন পরিবর্তন হবে না।
খালেদাকে উদ্দেশ্য করে তিনি বলেন, পেট্রোল বোমা মেরে মানষ হত্যা করেছেন। আবার যদি এ মৃত্যুর রাজনীতি শুরু করেন তাহলে আপনাকেও রক্ষা দেয়া হবে না।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির কথা শুনে মনে হয় ভারতে নরেন্দ্র মোদী নয় বিএনপি ও খালেদা জিয়া জয় লাভ করেছেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, দেশের সাথে দেশের সম্পর্ক হয়, সরকারের সাথে সরকারের নয়। আমাদের সাথে ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক। সেখানে কোন দল ক্ষমতায় আসল সেটি আমাদের জন্য কোন চিন্তার বিষয় নয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের প্রধানমন্ত্রী ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন পাঠিয়েছেন। তাই আশা করি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলে আমাদের দুই দেশের সীমান্ত চুক্তি ও তিস্তাসহ নদীর পানি চুক্তিগুলো বাস্তবায়ন হবে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এক অনুষ্ঠানে বলেছিলেন ‘আওয়ামী লীগ কখা দিয়ে কথা রাখেননি। আওয়ামী লীগ বলেছিল এ নির্বাচনের পর দ্রুত আরেকটি নির্বাচন দেবে’। কিন্তু আমরা তাদের বলেছিলাম নির্বাচনে অংশগ্রহণ করতে, তারা কার পরামর্শে নির্বাচনে অংশগ্রহণ করেনি সেটা তারা জানে। কিন্তু আমরা দ্রুত আরেকটি নির্বাচনের কথা বলিনি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানাক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]