বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকারের ফ্যাসিবাদী আচরণে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ আজ বিক্ষুব্ধ। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বিরোধী নেতা-কর্মী এমনকি নিজ দলের ভিন্নমতের কর্মীদের হত্যা করে ক্ষমতাকে চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর আওয়ামীলীগ। আওয়ামীলীগ রক্ষীবাহিনীর নতুন সংস্করণ র‌্যাব ও পুলিশকে দিয়ে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ফয়েজ আহমেদসহ সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের অর্ধসহস্রাধিক নেতা কর্মীকে হত্যা করেছে। বাড়িতে-বাড়িতে তল্লাশি চালিয়ে হাজার-হাজার নিরহ মানুষকে গ্রেফতার করছে। যৌথবাহিনীর অব্যাহত হয়রানিমূলক অভিযানের কারণে হাজার-হাজার বাড়ি-ঘর এখন পুরুষ শূণ্য হয়ে পড়েছে।
সাতক্ষীরা, ঝিনাইদহ, যশোর, গাইবান্ধা, নোয়াখালীসহ বেশিরভাগ জেলায় সরকারের পেটোয়াবাহিনীর নির্মম নির্যাতনের কারণে সেখানে এক অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। সরকারের এহেন অন্যায় আচরণ বন্ধ না করলে জনগণ তার সমুচিত জবাব দিবে।
বুধবার সকাল ৮.৩০টায় দেশব্যাপি খুন, গুম, হত্যা ও অপহরণ এর প্রতিবাদে রমনা অঞ্চল আয়োজিত রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরে-বাংলা নগর থানা আমীর আ.জ.ম কামাল উদ্দিন, তেজগাঁও থানা আমীর মোহাম্মদ সালাউদ্দিন, জামায়াতে নেতা আতাউর রহমান সরকার ও শিবিরের মহানগরীর উত্তর শাখার সেক্রেটারী পারভেজ প্রমুখ।
ড. করিম আরো বলেন, অবৈধভাবে ক্ষমতাসীন আওয়ামীলীগ জনগণের উপর নির্মম নির্যাতন চালিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। সেবকের পরিবর্তে বাকশালী চরিত্রের এই দলটি আজ নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের কাছে কোনো মানুষের জান-মাল এখন আর নিরাপদ নয়। হত্যা, গুম, খুন ও অপহরণসহ জুডিশিয়ারি কিলিং এর মাধ্যমে বিরোধী মত ও পথের নিরাপরাধ মানুষগুলোকে হত্যা করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে নানা রকম ফন্দি ফিকিরে ব্যস্ত আওয়ামী সরকার। অবিলম্বে তিনি এসব হত্যা, খুন, গুম ও অপহরণ বন্ধ না করলে বাংলার জনগণ দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন নিশ্চিত করে ঘরে ফিরবে ইনশাল্লাহ।
[b]ঢাকা, ২৮ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]