বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্র করছে সরকার।
বাগেহাটের মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খানের পায়ের রগ কেটে দেয়ার প্রতিবাদে শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।
সরকারকে হুঁশিয়ার করে মির্জা আলমগীর বলেন, বর্তমান অবৈধ সরকার ভেবেছে- বিরোধী দলের নেতাকর্মীদের গুম, অপহরণ এবং হত্যা করে বিরোধী দল শূন্য করার মাধ্যমে ক্ষমতাকে নিষ্কণ্টক করা যাবে।
আব্দুল মান্নানের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আব্দুল মান্নান খানের হাত-পায়ের রগ কেটে তাকে মৃত্যু পথযাত্রী করার ঘটনা বর্তমান নিষ্ঠুর গণবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক বর্বর কর্মকান্ড থেকে কোনো আলাদা ঘটনা নয়। দেশে বহুদলীয় গণতন্ত্রকে পদদলিত করে জোর করে ক্ষমতা আঁকড়ে রাখার উদ্দেশ্যে তারা এখন দেশে  হোলিখেলায় মেতে উঠেছে।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]