বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুশিয়ারি করে দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আবার যদি হরতাল-অবরোধের নামে দেশব্যাপী সহিংসতা চালান তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর শহীদপার্ক মাঠে ঢাকা-১৩ আসন (মোহাম্মদপুর ও আদাবর থানা) আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে দেশ এগিয়ে যাচ্ছে। দেশে আর লোডশিডিং নেই। নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রিত। আইন-শৃঙ্খলা স্থিতিশীল। দেশকে আর অস্থিতিশীল না করার জন্য খালেদা জিয়ার প্রতি তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলার মাটিতে আর কোন দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবেনা। ক্ষমতাসীন দের অধীনেই নির্বাচন হবে। আপনি আবার কোন দিন নির্বাচনে আসলে শেখ হাসিনার অধীনেই আপনাকে নির্বাচনে আসতে হবে। আন্দোলন করে আপনি কিছু করতে পারবেন না। কারণ, আপনার আন্দোলনের যত কৌশল ছিল তা ইতোমধ্যে আপনি দেখিয়েছেন। তা ব্যর্থ হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনকে ইতোমধ্যে আন্তর্জাতিক বিশ্ব স্বীকৃতি দিয়েছে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দয়াকরে দেশের অগ্রযাত্রায় বাঁধা সৃষ্টি করবেন না। জেলায় জেলায় ঘুরে জনপ্রিয়তা অর্জন করে ২০১৯ সালের নির্বাচনের প্রস্তুতি নিন।
তোফায়েল আহমেদ বলেন, আপনি (খালেদা জিয়া) বলেছিলেন- শেখ হাসিনা ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে  নির্বাচনে অংশগ্রহন করবেন না। উপজেলা নির্বাচনে অংশগ্রহন করে আপনি প্রমাণ করেছেন আপনার নীতি আদর্শ বলে কিছুই নেই।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার সকল ষড়যন্ত্রকে অতন্দ্র প্রহরীর মত ঐক্যবদ্ধভাবে মোবাবেলা করতে হবে। ইতিহাস বলে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ বিজয়ী হতে পারেনি। আপনারা প্রস্তুত থাকলে খালেদা জিয়া কিছুই করতে পারবেনা।
মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাদেক খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]