পুলিশ ও আওয়ামী 'সন্ত্রাসীদের' নির্যাতনে সাতক্ষীরার বিএনপি নেতা এস এম বিপ্লবের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিপ্লবকে গত রাতে পুলিশ বাসা থেকে ধরে নিয়ে পায়ে গুলি করেছে।

শুক্রবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার দলীয় সন্ত্রাসী বাহিনীর মতো ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে।

ফখরুল বলেন, ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে গোটা জাতি যখন সোচ্চার, তখন তারা আরও অস্থির ও বেপরোয়া হয়ে উঠেছে। একই সঙ্গে দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলের নেতা-কর্মী এবং সাধারণ জনগণের ওপর প্রকাশ্য হামলা চালানোর মদদ দেয়া হচ্ছে।

বিপ্লব তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশের দাবি, তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীদের সংগঠিত করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালালে পাল্টাপাল্টি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে বিপ্লব গুলিবিদ্ধ হন।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ