আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পক্ষে প্রস্তাবিত ২০২০-২১ সালের বাস্তবসম্মত বাজেটের ব্যাপকতা ও সম্ভাবনা অনুধাবন করা সম্ভব নয়। তিনি আরও দাবি করেন এই বাজেট জনবান্ধব, জীবনঘনিষ্ঠ ও পরিকল্পিত।

আজ (১২ জুন) শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের ওপর দেয়া প্রতিক্রিয়ায় কাদের এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে কোনো ধরনের বিচার-বিশ্লেষণ না করে বিএনপি আগেভাগে প্রস্তুত করা ও মনগড়া পুরনো ও গতানুগতিক গল্পের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

তিনি বলেন, বিএনপির নেতারা গত ১১টি বাজেট ঘোষণার পর বাজেট নিয়ে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন এবং বরাবরই বলেছেন, বাজেট বাস্তবায়ন হবে না।

কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মাত্র ৫০ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করেছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ শুধুমাত্র স্বাস্থ্যখাতে ৪১ হাজার ২৭ কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, তাই বিএনপির পক্ষে এই বাজেটের ব্যাপকতা ও সম্ভাবনা অনুধাবন করা সম্ভব নয়, এটাই স্বাভাবিক।

করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যেই ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৩টা থেকে জাতীয় সংসদের বিশেষ বাজেট অধিবেশনে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভতিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক স্লোগান সম্বলিত ১১০ পৃষ্ঠার বাজেট পেশ করেন তিনি। 

এমবি