বিএনপির বর্বরতা ইসরায়েলি ও পাকিস্তানি সৈন্য বাহীনির চেয়েও হিংস্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের আওয়ামী লীগে প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগ আয়োজিত “ আওয়ামী লীগ ও বর্তমান সরকারকে নিয়ে বিএনপি’র কটুক্তি ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন,বিএনপি নেত্রী গত সোমবার বলেছেন- আওয়ামী লীগ পাকিস্তানের চেয়েও খারাপ। আমি বলতে চাই- আওয়ামী লীগ নয়, প্রকৃত পক্ষে বিএনপির বর্বরতা ইসরাইয়েলি ও পাকিস্তানি সৈন্যের চেয়েও হিংস্র।
বিএনপির আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, যে দলের নেত্রীর আন্দোলনের ডাকে কেউ মাঠে নামেন না এবং নিজেদের নেতাকর্মীদের হাতে তালাবদ্ধ হয়ে থাকে, তাদের উচিত পদত্যাগ করে অন্যকে সুযোগ করে দেয়া।
এ সময় তিনি বিএনপির প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০১৩ সালের ন্যায় আবারো যদি আন্দোলনের নামে সহিংসতা চালানো হয়। তাহলে দেশের জনগণ আপনাদের অবরুদ্ধ করে রাখবে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ।
এমআর/এএইচ





