কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো: আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৩০ জুলাই) পৃথক শোকবার্তায় আলী আশরাফের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, অধ্যাপক আলী আশরাফের পেশাদারিত্ব এবং অভিজ্ঞতা সংসদীয় গণতন্ত্রের চর্চায় ইতিবাচক ভূমিকা রেখেছে। সরকারি প্রতিশ্রুতি এবং সরকারি হিসাব কমিটিসহ বিভিন্ন সংসদীয় কমিটি এবং সংসদীয় কার্যক্রমে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালো। তার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
রাষ্ট্রপতি আলী আশরাফের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও জনমানুষের এই নেতার মৃত্যুতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: আলী আশরাফের মৃত্যুতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক এবং দেশপ্রেমিক জননেতাকে হারালাম।”
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: আলী আশরাফ শুক্রবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
এমবি





