বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, উপজেলা নির্বাচনের বিএনপির সমর্থিত প্রার্থীর বিজয়ের ফলাফল সরকার দলীয়রা জোর করে ছিনিয়ে নিয়েছে। আর এটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন তাদের সহযোগিতা করেছে।
সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল এ আলোচনা সভার আয়োজন করে।
নজরুল ইসলাম বলেন, আমরা এতদিন শুনেছি কাজের বিনিময়ে খাদ্য। অথচ এখন দেখছি দখলের বিনিময়ে বিজয়। আওয়ামী লীগ গত সংসদ নির্বাচনে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে ভাগাভাগির মাধ্যমে ক্ষমতায় এসেছে। এখন তারা উপজেলা নির্বাচনের ফলাফল জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর বিএনপি তা পুনরুদ্ধার করেছে। এ সময় বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে দলের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানান নজরুল ইসলাম খান।
ছাত্রদলের সহ সভাপতি এবিএম পারভেজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের যুগ্ম মহাসচিব আমান উল্যা আমান, আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলমসহ অনেকে।
[b]ঢাকা, ২৪ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]