বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্রের সকল স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ করে পরিবেশ সৃষ্টি করায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে।

শনিবার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে দেখে ফেরার পথে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের কারণেই দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। কারণ তারা জনগণের কথা বলার সকল পথ বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগের সময় এর আগেও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল।

জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর খুবই ইতিবাচক। দেশের অর্থ-সামাজিক উন্নয়নে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অন্য এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ও তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাস করেন। আমরা সকলের রাজনীতি করার অধিকারে বিশ্বাস করি।

ড. আর এ গণি সম্পর্কে তিনি বলেন, তিনি এখন সুস্থ আছেন। আশা করি খুব শিগগির তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ায় ড. আর এ গণিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

জানা যায়, হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড. এম এ রশিদের তত্ত্বাবধানে আর এ গণির চিকিৎসা চলছে।

দলের স্থায়ী কমিটির এ সিনিয়র সদস্যের হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ