বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর তালেবানী রাজনীতির শিকড়সহ উপড়ে ফেলতে হবে। জঙ্গী-মৌলবাদ-সন্ত্রাসবাদী-যুদ্ধাপরাধীদের প্রতি সামান্য নমনিয়তাও দেশে আবারো ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার দুপুরে রাজধানীর শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে জাসদ জাতীয় কমিটির দু’দিনব্যাপি সভার প্রারাম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়া জঙ্গীবাদ-মৌলবাদ-সন্ত্রাসবাদী-যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ না করছেন, ততক্ষণ পর্যন্ত সরকার এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে সর্তক থাকতে হবে।
জাসদ সভাপতি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনীকে উস্কানি দেয়ার চেষ্টা করেছিলেন। দশম সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষায় এ নির্বাচন অপরিহার্য ছিল। কেননা খালেদা জিয়া বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দেয়ার পাশাপাশি সংবিধানকে বিপর্যয়ের মধ্যে ফেলারও চক্রান্ত করেছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া বর্তমান সরকারকে অবৈধ বলে তার চক্রান্ত অব্যাহত রেখেছেন। নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে মানুষ মারার জন্য তিনি অনুশোচনা করছেন না। বরং জামায়াতকে সমর্থন দিচ্ছেন। এর মাধ্যমে প্রমাণ হয় খালেদা জিয়া নিজেই জঙ্গিবাদের দোসর।’
সভায় স্বাগত বক্তব্য দেন- জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, নির্বাহী সভাপতি মঈনুদ্দিন খান বাদল এমপি, স্থায়ী কমিটির সদস্য শিরিন আকতার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি ও বেগম লুৎফা তাহের ।
দু’দিনের এ জাতীয় কমিটির সভায় বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন থেকে মনোনীত প্রতিনিধি, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্যগণ উপস্থিত রয়েছেন।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]