তালেবানের সমালোচনা করায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি’কে কটাক্ষ করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “আপনারা আগে নিজের ঘর ঠিক করেন।” তিনি আরও বলেন, “তালেবানরা মুক্তিযোদ্ধা। তাদের ভুল-ভ্রান্তি হলে সেগুলো ধরিয়ে দেন।”

শনিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এই কটাক্ষ করেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা এই মানববন্ধনের আয়োজন করে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “তালেবানরা মুক্তিযোদ্ধা। তারা ২০ বছর সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে ক্ষমতায় এসেছে।”

এর আগে একইদিন তালেবানরা ক্ষমতাসীন হওয়ায় নারীরা সুরক্ষিত নয়, এমন অভিযোগে মানববন্ধন করে সিপিবি। সেখানে তারা তালেবানের সমালোচনা করে বলেন, তালেবানরা নারীদের ঘরে বন্দি করে রেখেছে। তাদের অধিকার খর্ব করেছে। আজ যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করা হয়, তাহলে বাংলাদেশ একদিন তালেবান রাষ্ট্রে পরিণত হবে।

সিবিবির সমালোচনা করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “আমি যখন এখানে এসে পৌঁছাই, তখন কমিউনিস্ট পার্টি তালেবানরা মেয়েদের অধিকার দিচ্ছে না বলে তার প্রতিবাদে কথা বলেছে।”

ডা. জাফরুল্লাহ আরও বলেন, “আপনারা আগে নিজের ঘর ঠিক করেন। নিজের ঘরে আগুন লাগছে, সেই আগুন আগে নেভান। তালেবানরা যা-ই হোক না কেন, তারা মুক্তিযোদ্ধা। তাদের ভুল-ভ্রান্তি হলে সেগুলো ধরিয়ে দেন। তাদেরকে সেভাবে সাহায্য করেন। অকারণে তাদেরকে বিভ্রান্তির পথে, সাম্রাজ্যবাদীদের দিকে ছুড়ে দেবেন না। নিজেদের ঘর ঠিক করেন।”

এমবি