চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করতে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি।
গতকাল সন্ধ্যায় শুরু করার পর প্রথমদিন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পাঁচ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ বলেন, “মনোয়নপত্র বিতরণের প্রথমদিন আজ (১৮ ফেব্রুয়ারি) পাঁচ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। আগামীকাল বুধবারও মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগ্রহীদের মনোনয়ন ফরম যাছাই-বাছাইয়ের পর স্থায়ী কমিটির মিটিংয়ে একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।”
মঙ্গলবার দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দিন ও নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ।
মেয়র পদের পাশাপাশি কাউন্সিলর পদেও দলীয় বিতরণ শুরু করবে চট্টগ্রাম বিএনপি। নগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেন, “আগামীকাল থেকে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন বিতরণ শুরু হবে। আগ্রহীরা বৃহস্পতিবার পর্যন্ত নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।”
এমবি





