সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলা হলেও রাজধানী ঢাকায় যে হত্যাকাণ্ড আগের চেয়ে বেড়েছে এটা স্বীকার করলেন সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মঙ্গলবার বিকালে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এ্যানেট ডিক্সনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যে কদিন গেছে এটা মোমেন্ট অব টাইম। মফস্বলে হত্যাকাণ্ড কমছে, এখন তো হত্যাকা- ঢাকায় বাড়ছে।’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কোনো কথা হয়নি বলেও সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এটা একটা ওর্থলেস সাবজেক্ট। এটা নিয়ে আলোচনার কিছু নেই। সন্ত্রাসী একটা কর্মকাণ্ড চলছে, এখানে রাজনৈতিক কিছু নেই। সুতরাং এটা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই।’

বর্তমান অবস্থা বেশিদিন টিকবে না বলেও জানান অর্থমন্ত্রী।

এমকে