রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘রাষ্ট্র সংস্কারে রাসূল (সা.)-এর নীতি ও আদর্শ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সীরাত উদযাপন কমিটি সীরাতুন্নবী (সা.) উপলক্ষে এ আয়োজন করে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, মদিনার সনদে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই। অথচ যারা মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গেছেন, তাদের মধ্যেই দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি দেখা যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয়; এটি একটি সংক্রামক ব্যাধি। যার মধ্যে এটি প্রবেশ করে, সে-ই ফ্যাসিস্ট হয়ে ওঠে। বাংলাদেশের মানুষ আর কাউকে ফ্যাসিবাদের পথে চলতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে জেগে ওঠা মানুষ এখনো সচেতন। অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ প্রয়োজনে আবারও প্রতিবাদে গর্জে উঠবে। ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত জনগণের অধিকার আদায়ের লড়াই চলবে।

জামায়াত আমির বলেন, ইসলাম শান্তি, ঐক্য ও সমন্বয়ের ধর্ম। কোরআনের শাসন যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানেই মানুষ শান্তি ও শৃঙ্খলা পেয়েছে। তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাই জাদুঘরে পতিত সরকারের জুলুমের পুরো চিত্র উঠে আসেনি। বরং গুরুত্বপূর্ণ অনেক স্মৃতি ও উপাদান সরিয়ে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ক্ষমতায় যারাই আসে, তারা ইতিহাস বিকৃতির অভিযোগ করলেও পরবর্তীতে নিজেরাই ইতিহাস বিকৃত করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ মনে না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি ছিল কেবল একটি ‘রিহার্সেল’। সেই সময় জেগে ওঠা মুক্তিকামী মানুষ এখনো দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

অনুষ্ঠানের প্রধান আলোচক সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মহানবী (সা.)-এর নীতি ও আদর্শ জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত নৈতিক আদর্শ গড়ে তুলতে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ ন ম রফিকুর রহমান মাদানী বলেন, রাষ্ট্র সংস্কারে মহানবী (সা.)-এর নীতি ও আদর্শ বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক।

সেমিনারে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

এস