বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় রাজবাড়ী শহরের নান্নু টাওয়ারের রাজবাড়ী কনভেনশন সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিবগাতুল্লাহ সিবগা বলেন, একটি সমাজ তখনই এগিয়ে যায়, যখন সেখানে মেধার স্বাক্ষর রাখা তরুণদের উৎসাহিত করা হয় এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা হয়। মেধাবীদের যথাযথ মূল্যায়ন না করলে একটি জাতির অগ্রগতি বাধাগ্রস্ত হয়।
তরুণ সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, বর্তমানে মাদক তরুণদের জন্য বড় হুমকি। ভৌগোলিক অবস্থানের কারণে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে দেশে মাদক প্রবেশ করছে। তার দাবি, বর্তমানে এক কোটিরও বেশি তরুণ-তরুণী মাদকে আসক্ত। একটি জাতিকে ধ্বংস ও পিছিয়ে দেওয়ার জন্য মাদকই যথেষ্ট।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে শিবির সেক্রেটারি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আবু সাঈদসহ অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার দাবি সামনে এসেছিল। কিন্তু পরিবর্তনের পরও মেধাবীদের বিভিন্নভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার পরিবর্তে শিক্ষক নিয়োগ আবারও স্কুল-কলেজের ব্যবস্থাপনা কমিটির হাতে দেওয়ার উদ্যোগ দুর্নীতির নতুন সুযোগ তৈরি করতে পারে।
তরুণদের সৃজনশীলতা ও প্রতিবাদী শক্তির প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের তরুণরা অত্যন্ত সৃজনশীল। সরকারি প্রতিষ্ঠানে ঘুষের শিকার হয়ে এক শিক্ষার্থীর ‘ঘুষ ডট সাইট’ তৈরির ঘটনা প্রমাণ করে যুবসমাজ প্রতিবাদী ও সাহসী। এই সাহস ধরে রাখতে পারলে তরুণদের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না।
সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির ওপর গুরুত্বারোপ করে সিবগাতুল্লাহ সিবগা বলেন, দেশে দক্ষ মানুষের অভাব না থাকলেও সততার ঘাটতি রয়েছে। কর্মকর্তা, মন্ত্রী কিংবা জনপ্রতিনিধিদের কেউ কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়ায় দেশ বারবার পিছিয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা তরুণ শক্তির সম্ভাবনাময় সময় পার করছে। এই সুযোগ কাজে লাগাতে হলে শিক্ষার্থীদের নৈতিকতা ও ধর্মীয় অনুশাসনের কাছাকাছি এসে নিজেদের বিবেককে সঠিকভাবে পরিচালনা করতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির অ্যাড. মো. নুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মেজ ছেলে ইঞ্জি. আলী আহমেদ তাহকিক, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (অব.) ডা. মো. ইউনুস আলী মোল্লা।
এ সময় জেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪০০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এমএম





