গণতন্ত্রের ভিত্তি স্থাপন ছাড়া পৃথিবীর কোন দেশ উন্নয়ন করতে পারেনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খাঁন।
রোববার বিকালে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রোববার বিকাল ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, দু নেতার মধ্যে খুবই আন্তরিকতার সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ। এই অঞ্চলে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের অনেক দায়িত্ব রয়েছে। বিশেষ করে আমাদের পক্ষ থেকে বাংলাদেশে বর্তমান গণতন্ত্রের অনুপস্থিতি নিয়ে আলোচনা হয়েছে
বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানান মঈন খাঁন।
তিনি আরও বলেন বৈঠকে বিএনপির পক্ষ থেকে দেশে রাজনৈতিক নেতাদের হয়রানি, মানবাধিকার পরিস্থিতি, সুশাসন ও নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ে লিখিত তথ্যাদি মোদির কাছে তুলে দেয়া হয়েছে।
মঈন খান বলেন, আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছি, বাংলাদেশ ও ভারতে সরকার আসবে, সরকার যাবে। কিন্তু দেশের জনগণ, দেশেই থাকবে। তাই বাংলাদেশ-ভারতের মধ্যে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলেই এই বন্ধুত্বের সম্পর্ক টেকসই হবে।
এর আগে বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আসেন খালেদা জিয়া।
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান ও ড, আব্দুল মঈন খাঁন, চেয়ারপাসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও উপদেষ্টা রিয়াজ রহমান।
এমএইচ/এসএইচ





