দুই বিদেশি হত্যায় সরকার তাদের ব্যর্থতা ঢাকার জন্য ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করে বিরোধী দল ও মতকে দমন করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি অভিযোগ করে বলেন,সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় কোনো সুষ্ঠু তদন্ত ব্যতিত বিএনপিকে দোষারোপ করে প্রকৃত ঘটনা থেকে জনগণ ও আন্তর্জাতিক দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছে।

বুধবার এক বিবৃতিতে ফখরুল ইসলাম এ মন্তব্য করেন।

বিবৃতিতে ফখরুল ইসলাম আলমগীর বলেন: ‘আমরা অত্যন্ত বিস্ময় এবং ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি ইতালি ও জাপানি নাগরিকের নৃশংস, ঘৃণ্য খুনের পরপরই সরকার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না করেই বিরোধী দলকে ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত করবার জন্য অপপ্রচার শুরু করেছে এবং বিরোধী দল ও মতকে দমন করবার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা আরোপ করছে।

ইতিমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ শতাধিক নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে এবং যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবুসহ যশোরের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসমাইল, রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুল হক লাকু, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুন্নবী বিপ্লব এবং বগুড়া জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার ও শতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায়ও কোনো সুষ্ঠু তদন্ত ব্যতিত বিএনপিকে দোষারোপ করে প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা করছে সরকার।

আমরা বিদেশি নাগরিকদের ঘৃণ্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছি এবং অবিলম্বে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছি। সরকার বরাবরের মতোই তাদের ব্যর্থতা ঢাকার জন্য ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করে বিরোধী দল ও মতকে দমন করতে চাইছে।

ইতিমধ্যে বিরোধী দলের নেতাদের হয়রানি ও নির্যাতনের মাত্রা বাড়ানো হয়েছে। মিথ্যা মামলায় বন্ধি দীর্ঘদিন কারাবন্দী বিএনপি’র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে অসুস্থ অবস্থায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু তাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে। এটা নির্যাতন ছাড়া কিছু নয়। আমরা তাকে অবিলম্বে পিজি হাসপাতালে ফিরিয়ে এনে সুচিকিৎসা এবং অবিলম্বে মুক্তি দানেরও আহবান জানাচ্ছি।

বাংলাদেশে যে অসহনীয় রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে তা নিরসনের কোনো উদ্যোগ না নিয়ে গণতন্ত্রের সকল পথ রুদ্ধ করে একদলীয় শাসন পোক্ত করবার এই অপচেষ্টা বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে-যা সমগ্র জাতিকে অনিশ্চয়তা, অস্থিরতা এবং গভীর সংকটে নিমজ্জিত করছে।

আমরা বারবার এই অবস্থার নিরসনের জন্য গণতান্ত্রিক পরিবেশ ও সহনশীল রাজনীতির আহ্বান জানিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি।

আমরা অবিলম্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ সকল নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দিয়ে বিদেশি নাগরিকসহ সম্প্রতি সংঘটিত ঘৃণ্য হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

এমএ