বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভোটারবিহীন অবৈধ সরকার আদালতে দলীয় বিচারক নিয়োগ দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের জেল জুলুমের অক্টোপাশে জড়িয়ে ফেলার পরিকল্পনা করছে।

তিনি বলেন, উচ্চতর আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত ন্যায়পরায়ন বিচারকদের নিয়োগ দেয়া হয় না। এখন দেশের মানুষ শেষ আশ্রয়স্থলেও ভরসা পায় না।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দুদক প্রতিষ্ঠানটি এখন ভোটারবিহীন সরকারের বিশ্বাসভাজন ধোলাই লন্ড্রীতে পরিনত হয়েছে। এই লন্ড্রী ক্ষমতাসীনদের মাদক ব্যবসায়ী,  ভূমিদস্যু,  অনৈতিক এমপি ও মন্ত্রীদের পক্ষে সাফাই গাইছে।

তিনি বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, সরকারের অনাচার, নিদারুন ব্যর্থতা, কুপমন্ডুকতার আবর্তে রক্তরক্তির খেলায় প্রধানমন্ত্রী এতোটাই পারঙ্গম যে দেশে বিদেশে তার জুড়ি মেলা ভার।

রিজভী আহমেদ বলেন, ক্ষমতা পাওয়ার আগে এদের চেহারা পারাবততের মতো দেখায় আর হাতে ক্ষমতা পেলে বিষয়াক্ত সাপের মতো চতুর হয়ে ফণা তোলে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ভোটার বিহীন প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্ষমতাসীন নেতাদের বক্তব্য শুনলে মনে হয় বস্তির বিদ্যামান সংষ্কৃতির পাঠশালাই হচ্ছে এদের শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করার জন্যই এদের মুখে অসভ্য শব্দ ছাড়া কোন সুরুচিপূর্ন শব্দ ব্যবহার করতে জানেন না।

তিনি আরো বলেন, ১/১১ মঈন- ফখরুদ্দিনের আমলে আওয়ামী লীগের নেতাদের নামের মামলা ভোজবাজির মতো উড়ে যায় আর বিএনপি নেতাদের মামলা গুলো লালন পালন করা হয়। লালিত মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখা যায় কিনা সেটা পরীক্ষা করে দেখছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুব দলের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এমএইচ