বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ইনু ব্যক্তিগত জীবনে একজন প্রকৌশলী ছিলেন বলে জানি। তবে তিনি কবে জোতিষী হলেন তা জানা ছিল না।

'খালেদা জিয়া আগামী নির্বাচনে বাদ পড়বেন' জাতীয় সংসদে হাসানুল হক ইনুর এমন বক্তেব্যের কঠোর সমালোচনা করে রিপন বলেন, আমরা এই ধরনের মাতলামি মার্কা কথাবার্তার তীব্র নিন্দা জানাই। এগুলো অসুস্থ লোকের প্রলাপ।’

রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

সরকারের তরফ থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য করার ‘নীলনকশা’ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিএনপি।

সে জন্য বিএনপি নেত্রী, তার পরিবারকে ‘কাল্পনিক’ অভিযোগে বিচারের মুখোমুখি করা হচ্ছে- দাবি করে দলটি বলছে, এই ধরনের কোনো অবিচারের রায় জনগণ মেনে নেবে না।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘লক্ষ্য করেছি, সরকারের তরফ থেকে একটি নীল-নকশা চলছে। বেগম খালেদা জিয়া ও তার পরিবার এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে কাল্পনিক সব অভিযোগে মামলা করা হচ্ছে। বিএনপি নেত্রী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজির হন। কিন্তু বার বার বলেছি- এই আদালতের প্রতি আমাদের আস্থা নেই। কারণ এটি হচ্ছে ক্যাঙ্গারু-কোর্টের মতো একটি কোর্ট। এখানে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটছে।’

যৈৗক্তিক অভিযোগ’ না থাকা স্বত্ত্বেও বিএনপি চেয়ারপারসনকে বিচারের সম্মুখীন করা হচ্ছে- অভিযোগ করে রিপন আরো বলেন, ‘সরকার বা ইনু সাহেবরা যদি ধরে নিয়ে থাকেন খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য করার মতো কোনো রায় দিয়ে দেবেন, তাহলে তা বিচার হবে না; বিচারের নামে হবে অবিচার। আর কোনো অবিচার জনগণ মেনে নেবে না। আমরা আশা করি, বিচার বিভাগে যারা দায়িত্বশীল রয়েছেন, তারা অবিচারকে প্রশ্রয় দেবেন না, সেই আস্থাটাও রাখতে চাই।’

তিনি বলেন, ‘দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে ষড়যন্ত্র করে ধ্বংস করা যায় না; নেতৃত্বকেও ধ্বংস করা যায়না।’

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিসহ বেশ কয়েকটি বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘এ নিয়ে বিএনপির বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি। এর মাধ্যমে এই প্রতিবেদনের সত্যতা প্রমাণিত হয়েছে।’

রিপন বলেন, ‘মার্কিন প্রতিবেদনের নেতিবাচক বিষয়টি বাংলাদেশের জনগণ হিসেবে সুখকর নয়। তবে এই পরিস্থিতি কেন উদ্ভব হলো? কারন দেশে এমন একটি সরকার ক্ষমতায় আছে, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এ জন্য তাদের কোনো জবাবদিহিতাও নেই।’

তিনি বলেন, ‘জবাবদিহিতা নেই বলেই তারা বেপরোয়া শাসন ব্যবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে। ভবিষ্যতে যাতে বাংলাদেশ সম্পর্কে এই ধরনের নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত না হয়, সে কারণে সুশাসন নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

রাজধানীর লালবাগের দেওয়াল ভেঙ্গে পর্যটকের গাড়ি পার্কিংয়ের জায়গা করার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপির এই নেতা আরো বলেন, এর মাধ্যমে মুঘল আমলের ঐতিহ্য নষ্ট করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোেেসন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ/ইআর