বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে ফেনীর ফুলগাজীতে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও তার সঙ্গে রয়েছেন সাবেক সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।

বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ের সূত্রে জানা যায়, চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্য দিয়ে শুক্রবার সকালে নজরুল ইসলাম খান ও রেহেনা আক্তার রানুকে ফেনীর ফুলগাজীতে পাঠান খালেদা জিয়া।
সেখানে বন্যাকবলিত দরিদ্র মানুষের মধ্যে পণ্যগুলো বিতরণ করবেন তারা। পাশাপাশি ওইসব এলাকায় আরো ত্রাণ সামগ্রী পাঠানোর প্রয়োজন কী-না, সে বিষয়টিও খতিয়ে দেখবেন। এছাড়া স্থানীয় বিএনপির বিত্তবান নেতাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেবেন। এরপর দেশের অন্যান্য বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পাঠাবেন খালেদা জিয়া।

এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির স্থানীয় বিএনপিকে নির্দেশ দেওয়া হয়েছে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর। এসব দুর্গম এলাকায় ঢাকা থেকে ত্রাণ পাঠানো সম্ভব না হলে, খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী স্থানীয় নেতারাই ত্রাণ বিতরণের ব্যবস্থা করবেন বলে জানা গেছে।

এমএইচ