শুক্রবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত শ্রমিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, জুমার সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু এবং ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন জামায়াতের এই নেতা।

গোলাম পরওয়ার বলেন, দুর্ঘটনাটি কোনো অবহেলা বা নিরাপত্তাব্যবস্থার ত্রুটির কারণে ঘটেছে কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখতে হবে। তদন্তে কোনো অনিয়ম বা অবহেলা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন গোলাম পরওয়ার। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কারখানা কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নিহতদের পরিবারগুলো যেন এই অপূরণীয় ক্ষতি মোকাবিলা করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।

এস