জন্মভূমি সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে না আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মরদেহ।
আগামীকাল (১৪ জুন) রোববার সকাল সাড়ে ১০টায় বনানী জামে মসজিদে মোহাম্মদ নাসিমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সচেতনতার দিকটি বিবেচনায় নিয়ে নাসিমের মরদেহ জন্মভূমি সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদ নাসিমের বড় ছেলে তানভীর শাকিল জয়।
শনিবার (১৩ জুন) দুপুর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সামনে সাংবাদিকদের সামনে তারা এই কথা বলেন।
এর আগে শনিবার সকাল ১১টা ১০ মিনিটে মোহাম্মদ নাসিমের মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। তার আগে টানা প্রায় ২ সপ্তাহ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ে চলে গেলেন তিনি।
গত ০১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। রাতে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। করোনাভাইরাস আক্রান্ত অবস্থায় মোহাম্মদ নাসিম ০৫ জুন ভোরে স্ট্রোক করেন।
এমবি





