আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন পিছিয়ে যাচ্ছে। আগামী ২৮ মার্চ সম্মেলন হওয়ার কথা থাকলেও ইউপি নির্বাচনের কারণে আগামী ১ থেকে ২০ এপ্রিলের মধ্যে সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

২২ মার্চ প্রথম ধাপে ও ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের কারণে সম্মেলন পেছানোর এমন প্রস্তুতি রয়েছে ক্ষমতাসীন দলটিতে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জাতীয় সম্মেলন আয়োজনের জন্য সুবিধাজনক দিনক্ষণ নির্ধারণের নির্দেশও দিয়েছেন।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনাও করেছেন।

এ সময় নেতারা বলেছেন, ২৮ মার্চ জাতীয় সম্মেলনের আগে-পরে দু’দফা ইউপি নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ায় কিছুটা হলেও সম্মেলনের উৎসবে ভাটা পড়তে পারে। ওই সময় দলের তৃণমূল নেতাকর্মীরা নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন। এ কারণে তৃণমূলের ডেলিগেট ও কাউন্সিলরদের ২৮ মার্চের কাউন্সিলে অংশগ্রহণে কিছুটা সমস্যাও তৈরি হতে পারে।

এ সময় কয়েকজন নেতা আরো বলেন, ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ও ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের মাঝামাঝি সময়ে জাতীয় সম্মেলন করা যেতে পারে।

এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সম্মেলন পিছিয়ে ২২ মার্চ থেকে ছয় ধাপের ইউপি নির্বাচন চলাকালে এর মধ্যবর্তী যে কোনো সুবিধাজনক তারিখে অনুষ্ঠানের প্রস্তুতি নিতে বলেন ।

আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বুধবারের ওই বৈঠকে বোর্ড সদস্য তোফায়েল আহমেদ, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, রাশিদুল আলম, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, লে. কর্নেল (অব.) ফারুক খান, ড. আবদুর রাজ্জাক, আবুল হাসানাত আবদুল্লাহ প্রমুখ যোগ দেন।

এ ব্যাপারে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্মেলন পিছিয়ে যাওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে মন্তব্য করার সময়ও আসেনি। দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউপি নির্বাচন থাকায় ২৮ মার্চে অনুষ্ঠেয় জাতীয় সম্মেলন কয়েক দিন পিছিয়ে দেওয়া যায় কি-না, তা ভেবে দেখার জন্য নেতাদের বলেছেন।

তবে একই সঙ্গে প্রধানমন্ত্রী ছয় ধাপের ইউপি নির্বাচন শেষ হওয়ার আগেই দলের জাতীয় সম্মেলনের দিনক্ষণ ঠিক করারও নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, দ্রুতই দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক ডেকে জাতীয় সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হবে।

এআই