ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা দেয়ার পরিবর্তে সারাদেশে তাণ্ডব চালাচ্ছে। সুস্থ্য মানুষকে ধরে নিয়ে র‌্যাব, পুলিশ গুলি করে হত্যা করছে, পঙ্গু করে দিচ্ছে। মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা অঞ্চল দক্ষিনের সদস্যপ্রার্থী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বুলবুল বলেন, এই পরিস্থিতিতেও সরকারের কোন মাথা ব্যথা  নেই দেখে কারোরই বুঝতে বাকি নেই যে, এসবের পেছনে সরকারের মদদ রয়েছে। সরকারের মদদ পেয়েই আইনশৃংখলা বাহিনী আজ এতো বেপরোয়া হয়ে উঠেছে।
তিনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের যে নজির আওয়ামীলীগ স্থাপন করেছে, তা সভ্য সমাজে চিন্তাও করা যায় না। কোন সুস্পষ্ট অপরাধ না থাকার পরও জামায়াত-শিবির নেতাকর্মীদের আটক করে বর্বর নির্যাতন করা হচ্ছে। রাতের আঁধারে বাসা-মেস থেকে ঘুমন্ত নেতাকর্মীদের গ্রেফতার করে ২/৩ দিন পর  আদালতে হাজির করা হচ্ছে। এ ক্ষেত্রেও কোন আইন মানা হচ্ছে না।
প্রধান বক্তার বক্তব্যে শিবির সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, নির্যাতন করে ছাত্রশিবিরকে দমানো যাবে না। সরকার যত নির্যাতনই করুক না কেন, ছাত্রশিবির নেতাকর্মীরা তাদের লক্ষ্য থেকে একচুলও নড়বে না। বন্দুকের নলের ওপর ভর করে ক্ষমতায় টিকতে চাইলেও সরকারের সে আশা পূরণ হবে না। ছাত্রজনতার আন্দোলনে এই সরকারের পতন হবে। অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এই সরকারের বিচারও বাংলাদেশের মাটিতে হবে।
ধৈর্য্য ও সাহসের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে নেতাকর্মীদের  প্রতি আহবান জানান শিবির সেক্রেটারি জেনারেল ।
কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক জাকির হোসেন সেলিমের ব্যবস্থাপনায় শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবির কেন্দ্রীয় অফিস সম্পাদক নাভিদ আনোয়ার, কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নারায়নগঞ্জ মহানগরী সভাপতি খোরশেদ আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি খালিদ মাহমুদ, নরসিংদী জেলা সভাপতি আসাদুজ্জামান, মুন্সিগঞ্জ জেলা সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]