প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এখন সংলাপ না হলে পরে হয়তো আর সম্ভব হবে না। বিষয়টি বুঝে থাকলে আলোচনায় বসুন। আর না বসলে আজীবন হয়তো দাঁড়িয়েই থাকতে হবে।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাষা সৈনিক অলি আহাদ স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

‘ভাষা আন্দোলনের মহানায়ক অলি আহাদ’ শীর্ষক এ সভার আয়োজন করে অলি আহাদ স্মৃতি সংসদ।

গণতন্ত্রের কথা বলবেন আর বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসবেন না সেটা হতে পারে না মন্তব্য করে মান্না বলেন, ‘খালেদা সন্ত্রাসের রানী, এ দোহাই দিয়ে সংলাপে বসবেন না বলে পার পাবেন না। আপনি বলুন, ১৫ দিনের মধ্যে সংলাপে বসতে চান। এর মধ্যে বিএনপিও আন্দোলন বন্ধ করে নিতে পারে এবং সংলাপের পরিবেশ সৃষ্টি হবে।’

চলমান রাজনৈতিক অচলাবস্থা স্বাভাবিক হতে সরকারের মন্ত্রীরা দুইদিন-চারদিনের কথা বললেও সংলাপ ছাড়া এক বছরেও পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলনের নামে আপনারা পেট্রোলবোমার আগুনে মানুষকে পুড়িয়ে মারছেন। এটা বন্ধ না হলে এ ক্ষোভের আগুন মানুষের বুকেও জ্বলবে এবং আপনাদের প্রত্যাখ্যান করবে। ৪৭ দিন অবরোধ দিয়েও দাবি আদায় করতে পারলেন না, আর কতদিন লাগবে? মানুষ আপনাদের আন্দোলনে অতিষ্ঠ হয়ে উঠেছে।’

জনগণকে অন্ধ রাজনীতি থেকে বেরিয়ে আসার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রতি অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে না আসলে কোনো দিনই আমাদের মুক্তি মিলবে না।’

এসময় আরো বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু, ব্যারিস্টার সরওয়ার হোসেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্যারিস্টার পারভেজ প্রমুখ।

জেআই