চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পুঠিয়া গ্রামে একটি বেসরকারি স্কুল উদ্বোধন করতে হেলিকপ্টারে করে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
রোববার বেলা ১১টার দিকে সেখানে পৌছেঁ তাঁরা নবনির্মিত  স্কুলটি উদ্বোধন করেন।
স্কুলের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন ঢালী জানিয়েছেন, তিনি হেলিকপ্টার ভাড়া করে দুই মন্ত্রীকে ঢাকা থেকে সেখানে নিয়ে গেছেন।  
এলাকাবাসী জানান, তোফাজ্জল হোসেন ঢালী ব্যবসায়িক প্রতিষ্ঠান ইউএস বাংলা গ্রুপের প্রতিষ্ঠাতা। এ বছরের জানুয়ারি মাসে তিনি নিজস্ব অর্থায়নে নিজ গ্রাম পুটিয়ায় তোফাজ্জল হোসেন ঢালী উচ্চবিদ্যালয়টি নির্মাণ করেন। ওই স্কুলটি দুই মন্ত্রী উদ্বোধন করতে যান।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিত্রনায়ক রিয়াজ।
এসময় সেখানে সাংসদ ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নইম পাটোয়ারী দুলাল, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার আমির জাফর প্রমুখ ছিলেন।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]