বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, দলন-পীড়ণ চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে এদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন কোনোদিনই পূরণ হবেনা। শনিবার সন্ধ্যায় গণমাধমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, কোন স্বৈরাচারের পক্ষেই জনগণের অধিকার অবদমিত করে শুধুমাত্র জুলুম নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় থাকা সম্ভব হয়নি। বর্তমান অবৈধভাবে চেপে বসা ক্ষমতাসীনদের পক্ষেও কোনদিন তা বাস্তবায়িত করা সম্ভব হবে না।
বিএনপি কর্মী জাহাঙ্গীর হোসেনকে প্রথমে গুম ও পরবর্তীতে নৃশংসভাবে হত্যা এবং সারাদেশে নির্বিচারে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বিবৃতিতে তিনি আরো বলেন, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের বিএনপি কর্মী জাহাঙ্গীর হোসেন ১ মাস পূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী কর্তৃক গুম হবার পর আজ তার লাশ পাওয়া গেছে। এছাড়া, উপজেলা নির্বাচনের প্রাক্কালে গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মো: মশিউর রহমান সবুজ, টাঙ্গাইল সাদত কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা প্রদীপকে আজ গ্রেফতার করেছে পুলিশ।
মির্জা ফখরুল বলেন, জনমনে এখন এটা নিশ্চিত হয়ে গেছে যে, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখলকারী বর্তমান অবৈধ সরকার বাকশালী কায়দায় বিরোধী দল ও মতকে দমন করে একচ্ছত্র বর্বর শাসন কায়েম করতে চায়। আর এই শাসনের একমাত্র উদ্দেশ্য ক্ষমতার আসনে চিরস্থায়ীভাবে নিজেদের টিকিয়ে রাখা। উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে বর্তমান অবৈধ সরকার বিএনপি তথা বিরোধী দলের নেতা-কর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা ও জুলুম নির্যাতনসহ নানাবিধ দমনমূলক কার্যক্রম সারাদেশে এক ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।
তিনি বলেন, দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গুম করা হচ্ছে এবং পরবর্তীতে তাদের লাশ নদীর ধারে কিংবা ধানক্ষেতে অথবা রাস্তার ধারে ফেলে রাখা হচ্ছে। বিরোধী দলের নেতা-কর্মীদেরকে লাগামহীনভাবে গ্রেফতার করে কারাগারে আটকে রাখা বর্তমান অবৈধ সরকারকে যেন নেশাগ্রস্ত করে তুলেছে।
তিনি বিএনপি কর্মী জাহাঙ্গীর হোসেনকে গুম এবং পরে হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি।
এছাড়া পৌর বিএনপি’র সভাপতি মো: মশিউর রহমান সবুজ, ছাত্রদল সাদত কলেজ শাখার সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর এবং ঢাবি ছাত্রদল নেতা প্রদীপ এর নি:শর্ত মুক্তি দাবি করেন।
[b]ঢাকা, এমএইচ, ১৫ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // কেএইচ
[/b]