প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্য অনুযায়ী পঞ্চদশ সংশোধনী অবৈধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জাতীয় প্রেস ক্লাবে বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

নজরুল ইসলাম বলেন, ‘আজকে দেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনাহ বলেছেন ‘অবসর গ্রহণের পর যে রায় লেখা হয় তা বেআইনি এবং অসাংবিধানিক।’ তাহলে বিচারপতি খায়রুল হক অবসর গ্রহণের পর যে রায় লিখেছেন তা বেআইনি।

প্রধান বিচারপতির বক্ত্যব অনুযায়ী পঞ্চদশ সংশোধনী অবৈধ। বাংলাদেশের জনগণও সেটা চায়। দলীয় পদ্ধতিতে নির্বাচন করাও অবৈধ।’

জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলে আওয়ামী লীগের নেতারা শেখ মুজিবকে অপমান করছেন উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘জিয়াউর রহমান নিজে নিজে বীর উত্তম খেতাব নেননি।

শেখ মুজিবই জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন। এখন আওয়ামী লীগ নেতারা জিয়াউর রহমানের সমালোচনা করে নিজের নেতাকে অপমান করছেন।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকারের জন্য দেশ স্বাধীন করেছিলাম। আজকে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার অবিশ্বাস করা হচ্ছে। আমরা সত্যিকারের গণতন্ত্র চাই।

উৎপাদনের রাজনীতি চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা হবে। আর সেটা করতে পারলে নাগরিক অধিকার রক্ষা পাবে। রাজনৈতিক নেতাদের আত্মগোপনে থাকতে হবে না।’

বাংলাদেশের মানুষ আপসকে সমর্থন করে না- উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশের মানুষ খালেদা জিয়াকে সমর্থন করে। এ সরকার একটার পর একটা মামলা দিয়ে বিরোধী দলের নেতাদের কারাগারে নিয়ে যাচ্ছে।’

নজরুল ইসলাম বলেন, ‘সরকারি দল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রকৌশলীদের দিয়ে পদ্ম সেতুর চেয়েও বড় তিস্তা ব্যারেজ তৈরি করেছিলেন। আওয়ামী লীগ নেতাদের তা চোখে পড়ে না।’

প্রসঙ্গত, বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বাণীতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘কোনো কোনো বিচারপতি রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন। আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধানপরিপন্থী।’

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচাসেবক দলের নেতা সাইফুল ইসলাম পটু, আকতারুজ্জামান বাচ্চু, মো. নুরুজ্জামান প্রমুখ।

এসএইচ