বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মুমিনদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকল কাজের উপরে দ্বীনের কাজকে প্রাধান্য দিতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত দিকে প্রতিষ্ঠিত হওয়ার রঙ্গীন স্বপ্ন আমাদের জীবনকে সব সময় তাড়িয়ে বেড়ায়।

সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার উদ্যোগে ভার্চুয়ালি অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলন-২০২১-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মহান আল্লাহর খলিফা হিসেবে এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের দায়িত্ব-কর্তব্য অনেক বেশি। এই দায়িত্ব পালন করার জন্য কোরআন ও সুন্নাহর আলোকে নিজের জীবনকে ঢেলে সাজাতে হবে। উন্নত মৌলিক মানবীয় গুণাবলী অর্জনের মাধ্যমে জামায়াতের রুকনদের দুনিয়ার সামগ্রিক কর্ম ব্যস্ততার উপরে ইকামাতে দ্বীন প্রতিষ্ঠার কাজকে প্রাধান্য দিতে হবে। জামায়াতের সদস্যদের দায়িত্ব হচ্ছে নিজ এলাকার পাশাপাশি জেলার সকল গ্রাম ও মহল্লায় দ্বীনের প্রকৃত দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে মজবুত সাংগঠনিক কাঠামো গড়ে তোলা।

তিনি বিশ্বব্যাপী করোনা মহামারীরর ভয়াবহ সংক্রমণের সময়ে জেলার সকল নেতা-কর্মীদের অসহায় ও দুস্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আজীজুর রহমান, সাবেক জেলা আমির ও অঞ্চল টীম সদস্য মাওলানা মির্জা আশেক এলাহী।

প্রেস বিজ্ঞপ্তি

এমআর