আজ্ঞাবহ নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট চুরির মাধ্যমে ক্ষমতাসীন হয়ে বর্তমান সরকার দেশে বর্বর, বন্য শাসন জারি রেখেছে মন্তব্য করেন বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (০৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

মিছিলটি রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিকট এসে মিছিলটি শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, অকার্যকর সরকার দেশের সাধারণ জনগণকে পদে পদে মৃত্যুর ফাঁদে ঠেলে দিয়েছে। দেশের জনগণ বন্যা, সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ভেজাল খাদ্য, বিনা কারণে গণপিটুনি, আগুনে পুড়ে মৃত্যু, প্রকাশ্য দিবালোকে গলাকেটে মৃত্যু, নৃশংস ধর্ষণের শিকার হয়ে মৃত্যু এবং ক্রসফায়ারে গুলি খেয়ে মৃত্যুসহ নানা মৃত্যুফাঁদে নিপতিত।

রিজভী আরও বলেন, একটা স্বাধীন রাষ্ট্রের জনগণের বেঁচে থাকার অধিকারসহ ন্যুনতম নাগরিক অধিকারটুকুও কেড়ে নিয়েছে সরকার। মনে হচ্ছে আমরা এক ব্যক্তির ইচ্ছে-অনিচ্ছার স্বেচ্ছাচারী জনপদে বসবাস করছি। যেখানে কারো কথা বলার স্বাধীনতা নেই, সরকারের সমালোচনা করার অধিকার নেই, গুম কিংবা বিনা বিচারে হত্যা নিত্যদিনের ঘটনা।

মিছিলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানসহ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধা প্রজন্মের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসএম