আগামী ১৫ অক্টোবরের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে ২৬ অক্টোবর দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতালের হুমকি দিয়েছে সম্মিলিত ইসলামী দলগুলো।
শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে গণ-জমায়েত ও মিছিল পূর্বক সমাবেশে তারা এ ঘোষণা দেন।
সমাবেশে মাওলানা জাফরুল্লাহ খান বলেন, ঈমান-আকিদা, পবিত্র হজ্জ নিয়ে বিষোদগার এবং মহানবী (সা.) নিয়ে কটূক্তি করে আওয়ামী নেতা লতিফ সিদ্দিকী নাস্তিক-মরতাদদের কাতারে শামিল হয়েছেন। ওলি-আউলিয়াদের এই পবিত্র জমিনে কোনো নাস্তিক-মোরতাদের স্থান হবে না। তিনি আগামী ১৫ অক্টোবরের মধ্যে আত্মস্বীকৃত মুরতাদ আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আগামী ২৬ অক্টোবর তৌহীদি জনতা সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে।
তিনি বলেন, তৌহিদী জনতা আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে রাজপথে নেমে এসেছে। এই আত্মস্বীকৃত মোরতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত সচেতন জনতা কোনোভাবেই ঘরে ফিরবে না।
উত্তর গেইটের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সম্মিলিত ইসলামী দলগুলোর মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, যুগ্ম-মহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান আল মাদানী, মাওলানা আবু তাহের জিহাদী, অধ্যাপক মাওলানা আব্দুল করিম, মুফতি আজিজুর রহমান আজিজ, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবু জাফর কাসেমী, অধ্যাপক মাওলানা আব্দুস সবুর মাতুব্বর, মাওলানা শফিকুল ইসলাম ও মুফতি তাজুল ইসলাম কাওসারী প্রমুখ।
কেএইচ





