জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রবিবার এক বিবৃতিতে ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় ইসরায়েলের ন্যাক্কারজনক বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল বর্বরোচিত হামলা চালিয়ে যেভাবে নির্বিচারে নারী, শিশুসহ নিরীহ মানুষ মেরে চলছে, এ ধরনের ঘটনা মানব সভ্যতাকে কলঙ্কিত করে দিয়েছে।
তিনি অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবি জানান। একই সঙ্গে তিনি এ ঘটনার জন্য ফিলিস্তিনি জনগণের কাছে ক্ষমা চাইতে ইসরায়েলের প্রতি আহবান জানান।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ তাঁর বিবৃতিতে গাজায় এ ধরনের পৈশাচিক হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে বাংলাদেশসহ গোটা মুসলিমবিশ্বের প্রতিও আহবান জানান।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





