দেশে গণতন্ত্রের আকাল চলছে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘গণতন্ত্রের সঙ্কট থেকেই আরও অনেক সঙ্কটের সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের সঙ্কট কেটে গেলে অন্য সঙ্কটও কেটে যাবে।’

জাতীয় প্রেস ক্লাবের হল রুমে ‘বহুদলীয় গণতন্ত্র ও সমকালীন রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় শুক্রবার দুপুরে তিনি এ সব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘হারানো গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে জরুরি’ এমনটা উল্লেখ করে সবাইকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে বলেন জেনারেল মাহবুব।

তিনি বলেন, ‘দেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধসে গেছে। গুম-হত্যা-রাহাজানি এখন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশি-বিদেশি কেউ এখন নিরাপদ নয়। নিরাপত্তাহীনতায় মানুষ শঙ্কিত। এমন অবস্থা মানুষ আগে কখনো দেখেনি।’

‘পুলিশ জনগণের সেবক। দুষ্টের দমন ও শিষ্টের পালন করাই তাদের কাজ। অথচ তারা এখন চরম কর্তৃত্ববাদী আচরণ করছে। এ ছাড়া দেশে সুশাসনের চরম অভাব। দুর্নীতিতে গোটা দেশ ছেয়ে গেছে। টিআইবি’র সাম্প্রতিক রিপোর্টে বাংলাদেশ শীর্ষ ১৩তম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের জন্য এটি গর্বের নয়। এটি আমরা চাই না’, যোগ করেন তিনি।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুইজনই মহান নেতা ছিলেন’ এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের মধ্যে কোনো কনফ্লিক্ট (দ্বন্দ্ব) ছিল না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জিয়াউর রহমানেরও।’

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপাদেষ্টা শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমদ আযম খান, ব্যারিস্টার হায়দার আলী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

এমএইচ