বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা শহীদ জিয়ার মাজারে এসেছি এ জুলমবাজ, ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে বেগবান করে গণতন্ত্র পুনরোদ্ধারের শপথ নিতে।
শুক্রবার সকালে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, ১৯৭১ সালে জিয়ার নেতৃত্বে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। তারপরে জিয়াউর রহমানই  দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করেছেন।
তিনি বলেন, আজ দেশে গণতন্ত্র বিলুপ্ত। মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। তাই এখন সময় এসেছে জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে এ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার।
এসময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ,৩০মে (টাইমনিউজবিডি.কম)[/b]